
নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকায় নিজ বাড়িতে গুরুতর আহত অবস্থায় ননীবালা চক্রবর্তী (৯০) নামের এক বৃদ্ধাকে উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে তাঁর বসতঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পর প্রথমে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব দাশড়া এলাকায়। ননীবালা চক্রবর্তী ওই এলাকার দেবেশ চক্রবর্তীর স্ত্রী।
স্থানীয়দের ভাষ্য, সকালে বাড়ির ভেতরে ননীবালাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে বিষয়টি পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে তাঁর ছেলে ঘটনাস্থলে গিয়ে মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পুলিশ ও পরিবারের পক্ষ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ননীবালার পরনে থাকা স্বর্ণালংকারের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালাতে পারে। ঘটনার পর তাঁর শরীরে কোনো স্বর্ণালংকার পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, ননীবালা চক্রবর্তী ওই বাড়িতে একাই বসবাস করতেন। তাঁর ছেলেরা একই ওয়ার্ডের অন্য একটি বাড়িতে থাকেন।
ওসি আরও জানান, ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।