
চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী দলের ছুরিকাঘাতে পংকজ শীল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিলক চক্রবর্তী (৩০) নামে আরও এক ব্যক্তি। এ ঘটনায় এলাকায় শোক, আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
মঙ্গলবার (৯ জুন) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পংকজ শীল স্থানীয় মিলন শীলের ছেলে এবং আহত তিলক চক্রবর্তী মৃত দুর্গাপদ চক্রবর্তীর ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতের আঁধারে সংঘবদ্ধ একটি ছিনতাইকারী দল এলাকায় প্রবেশ করে। এ সময় পংকজ শীল ও তিলক চক্রবর্তী তাদের সামনে পড়ে গেলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
পরে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। তবে চমেকে নেওয়ার পথেই অতিরিক্ত রক্তক্ষরণে পংকজ শীলের মৃত্যু হয়।
অন্যদিকে গুরুতর আহত তিলক চক্রবর্তী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে কচুয়াই ইউনিয়ন পরিষদের সদস্য পাভেল বিশ্বাস বলেন, “রাতে সংঘবদ্ধ একটি অপরাধী চক্র এলাকায় ছিনতাই বা ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে। দুর্ভাগ্যবশত পংকজ ও তিলক তাদের সামনে পড়ে যাওয়ায় হামলার শিকার হন।”
এ ঘটনার পর পুরো চক্রশালা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।