
নিজস্ব প্রতিবেদক : রংপুর প্রতিনিধি
রংপুরের মাছুয়াপাড়া এলাকায় চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় দুই তরুণকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। গত ২১ আগস্ট শুক্রবারের এ হত্যাকাণ্ডের পর অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক দুজন হলেন সিদ্ধার্থ দাস (১৯) ও মুগ্ধ দাস (২৩)। সিদ্ধার্থের বাবার নাম বিনয় চন্দ্র দাস এবং মুগ্ধের বাবা মৃত কানু দাস। তাঁদের বাড়ি রংপুরের মাছুয়াপাড়ার তুতফার্ম, কামাল কাছনা এলাকায়।
পুলিশ জানায়, চার হত্যাকাণ্ডের পর ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা হয়। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ম্যানুয়াল সোর্স, গোয়েন্দা তথ্যসহ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হয়। এতে সিদ্ধার্থ ও মুগ্ধের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।
এরপর অভিযান চালিয়ে সিদ্ধার্থকে তাঁর চাচার বাসা থেকে আটক করা হয়। অন্যদিকে মুগ্ধকে তাঁর বাড়ি থেকে আটক করতে গেলে তিনি টিনের বেড়া ভেঙে পালিয়ে যান। পরে গোয়েন্দা পুলিশের একটি দল প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে তুতপাড়া এলাকা থেকে তাঁকে আটক করে।
পুলিশের দাবি, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুগ্ধ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরে সিদ্ধার্থ ও মুগ্ধকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা পরস্পরের যোগসাজশে চার হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ ও পরস্পরসঙ্গত তথ্য দেন।
পুলিশ আরও জানিয়েছে, আটক দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত সামগ্রী, লুণ্ঠিত মালামাল ও অন্যান্য আলামত উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আলামত, পারিপার্শ্বিক তথ্য, সাক্ষ্য-প্রমাণসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করছে পুলিশ। রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, চার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।