
নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আনুষ্ঠানিকভাবে তাঁর শপথ অনুষ্ঠিত হয়।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাঁকে শপথবাক্য পাঠ করান। এ সময় সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২১ সেপ্টেম্বর সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। প্রজ্ঞাপনে বলা হয়, শপথ গ্রহণের দিন থেকেই তাঁর স্থায়ী নিয়োগ কার্যকর হবে।
দেবাশীষ রায় চৌধুরী ২০২৪ সালের ৮ অক্টোবর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। একই সময়ে নিয়োগ পাওয়া অন্য বিচারপতিদের স্থায়ী করা হলেও নির্ধারিত বয়সসীমা পূরণ না হওয়ায় সে সময় তাঁকে স্থায়ী করা হয়নি। পরে বয়সসংক্রান্ত শর্ত পূরণ হওয়ায় এবার তাঁকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
আইন বিষয়ে ব্রিটেন থেকে উচ্চশিক্ষা নেওয়ার পর ২০০৫ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন দেবাশীষ রায় চৌধুরী। এরপর ২০০৭ সালে হাইকোর্ট বিভাগ এবং ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
তিনি আইনজীবী ও রাজনীতিক নিতাই রায় চৌধুরীর ছেলে। দেবাশীষ রায় চৌধুরীর স্থায়ী নিয়োগের মধ্য দিয়ে হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতির সংখ্যা ১০০ জনে দাঁড়িয়েছে।