
নিজস্ব প্রতিবেদক : জয় দেব নাথ | চট্টগ্রাম প্রতিনিধি
গতকাল দিবাগত রাতে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ৩ নম্বর সুন্দরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণ সড়কে অবস্থিত শ্রী শ্রী মগদেশ্বরী মায়ের মন্দিরের সেবাখোলায় চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙে দেবীর গহনা, পূজার বিভিন্ন কাঁসা-পিতলের সামগ্রী এবং দান বাক্সের প্রণামী নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
মন্দির কমিটির সদস্যরা জানান, দিবাগত রাতে দুর্বৃত্তরা মন্দিরের সেবাখোলার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে মায়ের গহনাপাতি ও পূজার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী নিয়ে যায়। একই সঙ্গে মন্দিরের দান বাক্স ভেঙে সেখানে থাকা প্রণামীর টাকাও লুট করা হয়।
ঘটনার পর স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সত্য সনাতন টিভি
স্থানীয়রা জানান, ধর্মীয় উপাসনালয়ে এ ধরনের চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
এ ঘটনায় মন্দির কর্তৃপক্ষ বা স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কোনো অভিযোগ বা মামলা করা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।