
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত দেশাত্মবোধক গান প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে সারা দেশের মধ্যে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছেন ফেনীর কৃতি সন্তান ইমন চন্দ্র দাস। ‘ঘ’ গ্রুপে অসাধারণ পরিবেশনার মাধ্যমে তিনি বিচারকদের সর্বোচ্চ নম্বর পেয়ে দেশসেরা হিসেবে নির্বাচিত হন।
ফেনীর আর্য সাংস্কৃতিক কেন্দ্রের নিয়মিত সংগীত শিক্ষার্থী ইমন চন্দ্র দাস গত সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি)-তে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশ নেন। দিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিযোগীরা মোট ২৫টি ইভেন্টে অংশগ্রহণ করেন। কঠিন প্রতিযোগিতার মধ্যেও ইমন তাঁর কণ্ঠের মাধুর্য ও আবেগপূর্ণ পরিবেশনায় প্রথম স্থান নিশ্চিত করেন।
পরদিন মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বিজয়ীদের হাতে জাতীয় পুরস্কার তুলে দেন।
ইমন চন্দ্র দাস বর্তমানে ফেনী সরকারি কলেজের দর্শন বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী। শৈশবে মাকে হারানোর বেদনা ও নানা সামাজিক প্রতিবন্ধকতার মধ্য দিয়েও তিনি সংগীতচর্চা চালিয়ে গেছেন নিরলসভাবে। তাঁর এই অধ্যবসায় ও সাধনাই আজ তাঁকে জাতীয় পর্যায়ে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। সত্য সনাতন টিভি
এর আগেও তিনি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)সহ বিভিন্ন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
ফেনী শহরের তলি চেওরিয়া এলাকার এই তরুণ শিল্পীর সাফল্যে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনসহ পুরো জেলা আজ গর্বিত। ইমন চন্দ্র দাসের এই অর্জন নতুন প্রজন্মের সংগীতশিল্পীদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।