
নিজস্ব প্রতিবেদন : সৌরভ সাহা | রাঙ্গুনিয়া প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নে বিষপানের নয় দিন পর অঞ্জনা দাশ (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত অঞ্জনা দাশ চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চন্দ্রঘোনা হিন্দুপাড়া সেবাখোলা বটতল এলাকার সতীশ মাস্টারের বাড়ির কাঞ্চন দাশ ওরফে লাল সাধুর স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর শুক্রবার পরিবারের সদস্যদের অগোচরে বিষপান করেন অঞ্জনা দাশ। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা নয় দিন চিকিৎসাধীন থাকার পর রোববার বিকেলে তার মৃত্যু হয়।
এদিকে অঞ্জনা দাশকে ঘিরে স্থানীয়ভাবে বিভিন্ন আলোচনা ও অভিযোগের কথা জানা গেছে। স্থানীয় কয়েকজনের দাবি, এক ব্যক্তির সঙ্গে তার কথিত সম্পর্ক নিয়ে এলাকায় আলোচনা চলছিল। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে মানসিক চাপ থেকেই তিনি বিষপান করে থাকতে পারেন বলে স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন।
অঞ্জনা দাশের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া ও তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।