
নিজস্ব প্রতিবেদক : আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় স্থানীয় কয়েকটি ধর্মীয় ও সামাজিক সংগঠনের উদ্যোগে দীর্ঘ প্রায় সাত ঘণ্টার চেষ্টার পর তাকে উদ্ধার করা হয়েছে। পরে উভয় পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে পারিবারিক সমঝোতার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করা হয়।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, স্বামীর সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের অভিযোগের প্রেক্ষাপটে ওই গৃহবধূ অন্য এক ব্যক্তির সঙ্গে চলে যান। পরে স্থানীয়দের সহায়তা এবং বিভিন্ন সংগঠনের সমন্বিত উদ্যোগে তাকে উদ্ধার করা হয়।
বৈঠকে গৃহবধূ নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে পরিবারের কাছে ফিরে যাওয়ার সম্মতি দেন বলে উপস্থিত ব্যক্তিরা জানান। একই সঙ্গে তার স্বামী অতীতের আচরণের জন্য উপস্থিত সবার কাছে ক্ষমা চান এবং ভবিষ্যতে স্ত্রীকে নির্যাতন বা এমন কোনো আচরণ করবেন না বলে প্রতিশ্রুতি দেন।
উদ্ধার ও সমঝোতা প্রক্রিয়ায় বাংলাদেশ গীতা পরিষদের চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক নিশান সরকারের নেতৃত্বে রাম সেবকের তূর্য রুদ্র এবং সনাতনী অধিকার আন্দোলনের জয় দে উপস্থিত ছিলেন।
তবে এ ঘটনায় সংশ্লিষ্ট থানা বা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বা ঘটনাটির অন্যান্য দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।