
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের শর্মা পাড়া (পূর্ব তিতার পাড়া) এলাকার একদল উদ্যমী ও মানবিক যুবকের উদ্যোগে ক্যানসার আক্রান্ত শংকর রুদ্রের চিকিৎসা সহায়তায় তহবিল সংগ্রহ ও হস্তান্তর কর্মসূচি সম্পন্ন হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপাল রুদ্রের মেঝো সন্তান শংকর রুদ্র দীর্ঘদিন ধরে খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত। তাঁর চিকিৎসার ব্যয়ভার বহনে পরিবার হিমশিম খাওয়ায় এলাকার তরুণেরা মানবিক সহায়তার উদ্যোগ নেন। পরে “পূর্ব দাশ পাড়া” ও গর্জনিয়ার উত্তর কুলসহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই তহবিলে আর্থিক সহায়তা প্রদান করেন।
উদ্যোক্তারা জানান, মানুষের আন্তরিক সহযোগিতা, অনুদান ও উৎসাহে সংগৃহীত অর্থ শংকর রুদ্রের পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। তাঁরা বলেন, সংকটময় সময়ে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। শংকর রুদ্রের চিকিৎসায় সহযোগিতার জন্য সবাই যে আন্তরিকতা দেখিয়েছেন, তা এলাকার সামাজিক বন্ধন ও সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত।
এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অর্থ, শ্রম ও পরামর্শ দিয়ে সহযোগিতা করা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তাঁরা শংকর রুদ্রের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
শংকর রুদ্রের চিকিৎসা সহায়তায় কেউ এগিয়ে আসতে চাইলে তাঁর পরিবারের ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭৪৫-৩৩০৪৫০-এ যোগাযোগ করতে পারেন। তবে অনুদান পাঠানোর আগে পরিচয় ও তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
“মানুষ মানুষের জন্য” এই বিশ্বাস থেকেই এলাকার মানুষের সম্মিলিত এই উদ্যোগ শংকর রুদ্রের চিকিৎসার লড়াইয়ে নতুন আশার সঞ্চার করেছে।