
নিজস্ব প্রতিবেদক : সমীর রুদ্র | কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের রামু উপজেলার উমখালী পশ্চিম ধর পাড়া এলাকায় একটি মন্দিরে চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত ৫ অক্টোবর রাতে দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বর্ণ ও রুপার অলংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে মন্দির কমিটি ও স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় মন্দিরের বিভিন্ন আসবাবপত্র ও সামগ্রী ভাঙচুর করা হয়। পাশাপাশি প্রতিমার গায়ে থাকা স্বর্ণ ও রুপার অলংকার এবং মূল্যবান বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে যায় তারা। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা বলে দাবি সংশ্লিষ্টদের।
স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা জানান, এই মন্দিরে এর আগেও দুইবার চুরির ঘটনা ঘটেছে। বারবার একই উপাসনালয়ে চুরির ঘটনায় তাঁদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তাঁরা মন্দিরের নিরাপত্তা জোরদার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সত্য সনাতন টিভি
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। সত্য সনাতন টিভি
মন্দির কমিটি ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত, চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।