
নিজস্ব প্রতিবেদক : সমীর রুদ্র | কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের ভাঙচুর করা সীমানাপ্রাচীর পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। একই সঙ্গে শ্মশানের পাশে খালি ও অনিরাপদ স্থানগুলোতে প্রয়োজনীয় নির্মাণকাজও শুরু করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) নির্মাণকাজের উদ্বোধন করা হয়। এ উদ্যোগের মধ্য দিয়ে উখিয়া সদরে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় পরিবেশ ফিরিয়ে আনার পাশাপাশি সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রত্যাশা করছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।
স্থানীয় সনাতন সম্প্রদায়ের পক্ষ থেকে জানানো হয়, সীমানাপ্রাচীর ভাঙচুরের ঘটনায় শ্মশানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। গত ২ অক্টোবর পূজা বন্ধের সামাজিক সিদ্ধান্তের পর উখিয়া সদরের দুর্গাপূজার প্রস্তুতিও অনেকটা স্থবির হয়ে পড়ে। নতুন করে নির্মাণকাজ শুরু হওয়ায় পূজা উদযাপনের প্রস্তুতিতে উৎসাহ ও গতি ফিরেছে। সত্য সনাতন টিভি
নির্মাণকাজ শুরুর সময় উপস্থিত ছিলেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি উপপরিদর্শক (এসআই) উত্তম বাবু, দারোগা বাজার সমাজ শ্মশান ভৈরব ও দুর্গা মন্দির উন্নয়ন ও পরিচালনা পরিষদের উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্থানীয় কয়েকটি পরিবারের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। উদ্ভূত সমস্যার প্রাথমিক সমাধানে তাঁরা এগিয়ে আসেন বলে সংশ্লিষ্টরা জানান। সত্য সনাতন টিভি
দারোগা বাজার সমাজ শ্মশান ভৈরব ও দুর্গা মন্দির উন্নয়ন ও পরিচালনা পরিষদের পক্ষ থেকে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সরোয়ার জাহান চৌধুরী এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।
পরিষদের পক্ষ থেকে বলা হয়, সংশ্লিষ্টদের উদ্যোগ, সহযোগিতা ও পরিশ্রমের ফলে উখিয়া সদরসহ উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে স্বস্তি ফিরেছে। পাশাপাশি দুর্গাপূজার প্রস্তুতিতেও নতুন করে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
স্থানীয়রা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে উখিয়ায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহমর্মিতা ও শান্তিপূর্ণ সহাবস্থান আরও সুদৃঢ় হবে।