
নিজস্ব প্রতিবেদক : জয় দাশ | চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর বণিকপাড়ায় সার্বজনীন শ্রীশ্রী চণ্ডী মায়ের মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে কোনো একসময় মন্দিরে ঢুকে স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে জানা যায়, রাতে মন্দিরের নিরাপত্তার সুযোগ নিয়ে চোরেরা ভেতরে প্রবেশ করে। পরে মন্দিরে থাকা স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে তারা পালিয়ে যায়। সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়। সত্য সনাতন টিভি
স্থানীয়রা জানান, শাহনগর বণিকপাড়া এলাকায় এ ধরনের ঘটনা এর আগে ঘটেনি। দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ এই এলাকায় মন্দিরে চুরির ঘটনায় তাঁরা উদ্বিগ্ন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
এ ঘটনায় থানায় লিখিতভাবে জানানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।
মন্দিরে চুরির ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে মন্দির ও ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তাঁরা।