
রাজধানীর বাড্ডা এলাকায় একটি বহুতল ভবন থেকে পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহতের নাম সুবীর বিশ্বাস (৩০)। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় অবস্থিত জনতা ব্যাংকের একজন ক্যাশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সত্য সনাতন টিভি
গত ২৩ জানুয়ারি শুক্রবার বিকেলে বাড্ডার একতা সোসাইটিতে তার বোন নিপা বারৈইয়ের বাসার ভবনের ছাদ থেকে পড়ে যান সুবীর। ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ বিকেলে ভবনের সামনে থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে রাত ৯টার দিকে লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, কী কারণে ওই ব্যাংক কর্মকর্তা ভবন থেকে পড়ে যান, সে বিষয়ে তদন্ত চলছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সুবীর বিশ্বাস গত ১৭ জানুয়ারি বাড্ডায় তার বোনের বাসায় বেড়াতে আসেন। শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তবে কী কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন, তা পরিবারের সদস্যরাও নিশ্চিত করতে পারেননি।
সুবীর বিশ্বাস মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাউনগাতী গ্রামের বাসিন্দা ছিলেন। তার পিতা সচিন বিশ্বাস। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।