
নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
নার্সিং শিক্ষার্থীদের সাংগঠনিকভাবে সম্পৃক্ত করা এবং তাঁদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও নেতৃত্বের বিকাশ ঘটাতে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় নার্সিং শাখার ১১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অভিজিৎ রায় প্রিতম ও সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র সাহার স্বাক্ষর রয়েছে।
নতুন কমিটিতে কল্যাণ বিশ্বাসকে সভাপতি, প্রিয়া হালদারকে নির্বাহী সভাপতি এবং হর্ষিত বড়ুয়াকে সিনিয়র সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। সহসভাপতি পদে রয়েছেন পায়েল হালদার, মিমি দত্ত, শান্ত বাড়ৈ, কবিতা রাণী দাস, রুদ্র সমাদ্দার ও পিংকি হালদারসহ অনেকে।
এ ছাড়া কাব্য দাস জয়কে সাধারণ সম্পাদক, রিনতা ভট্ট ও বন্যা হালদারকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং সৌরভ হালদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। সহসাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সজল বিশ্বাস ও তৃষ্ণা দাস।
সংগঠন সূত্রে জানা গেছে, নবগঠিত কমিটির সদস্যরা দেশের বিভিন্ন নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী। নতুন এই ইউনিটের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ুয়া নার্সিং শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সাংগঠনিক সমন্বয় বাড়ানোর পাশাপাশি নেতৃত্বের বিকাশে কাজ করার পরিকল্পনা রয়েছে।
সংগঠনের নেতারা বলেন, নার্সিং শিক্ষার্থীরা ভবিষ্যতে স্বাস্থ্যসেবা ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাই শিক্ষাগত ও পেশাগত দক্ষতার পাশাপাশি তাঁদের মধ্যে মানবিক মূল্যবোধ, নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশেও সাংগঠনিক কার্যক্রম ভূমিকা রাখতে পারে।
তাঁরা জানান, নতুন কমিটির সদস্যরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ তৈরি করবেন।
কেন্দ্রীয় নেতৃত্বের আশা, ১১৭ সদস্যের এই কমিটি দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নার্সিং শিক্ষার্থীদের একটি সুসংগঠিত ও মানবিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে।