
নিজস্ব প্রতিবেদন : সজল দাশ | আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের নতুন ফকির পাড়ার তরুণ তমাল দাশ। নানা প্রতিকূলতা ও পারিবারিক টানাপোড়েনের মধ্যেও পড়াশোনা চালিয়ে শেষ পর্যন্ত স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি। তাঁর এই অর্জনের পেছনে রয়েছে বাবা-মা, ছোট ভাইদের সহযোগিতা এবং শুভাকাঙ্ক্ষীদের আশীর্বাদ।
তমাল দাশ হাইলধর নতুন ফকির পাড়ার বাসিন্দা। তাঁর বাবা সারথী রঞ্জন দাশ এবং মা কমলা দাশ। চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যবস্থাপনা বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি।
তমাল জানান, পড়াশোনার পথটা তাঁর জন্য সহজ ছিল না। পরিবারের আর্থিক ও নানা বাস্তবতার মধ্যেও তিনি পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তাঁর এই পথচলায় বাবা-মায়ের পাশাপাশি ছোট ভাইদের সহযোগিতা ছিল গুরুত্বপূর্ণ।
বিশেষ করে পড়াশোনার সময় তাঁর মেজো ভাই চাকরি করতেন। নিজের কর্মজীবনের পাশাপাশি ভাই পরিবারের দায়িত্ব পালনে সহযোগিতা করতেন। সেই সহযোগিতা তমালের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। সত্য সনাতন টিভি
তমাল দাশ বলেন, “এতটুকু পড়াশোনার পেছনে আমার বাবা-মা ও ছোট ভাইদের অনেক সহযোগিতা রয়েছে। আমি যখন পড়াশোনা করতাম, তখন আমার মেজো ভাই চাকরি করত এবং আমাদের পরিবারকে সহযোগিতা করত। তাঁদের সহযোগিতা ছাড়া হয়তো এই পথ এতটা সহজ হতো না।”
তিনি আরও বলেন, “ঠাকুরের কৃপায় আজ আমি স্নাতকোত্তর সম্পন্ন করতে পেরেছি। আমার এই সফলতার পেছনে আমার শুভাকাঙ্ক্ষীদের অনেক আশীর্বাদ রয়েছে। সবার প্রতি আমি কৃতজ্ঞ।”
তমালের এই অর্জনে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁদের প্রত্যাশা, শিক্ষাজীবনের এই অর্জনকে কাজে লাগিয়ে ভবিষ্যতে তমাল নিজের ও পরিবারের জন্য আরও ভালো কিছু করবেন এবং সমাজের জন্যও অবদান রাখবেন।