
নিজস্ব প্রতিবেদন : সত্য সনাতন টিভি |অনলাইন সংস্করণ
মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে পরিচালক নীতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রামায়ণ’। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ছবিটির দুই পর্বের সব ভাষার সংগীতস্বত্ব প্রায় ৮০ কোটি রুপিতে অধিগ্রহণ করেছে ভারতের শীর্ষস্থানীয় মিউজিক লেবেল টি-সিরিজ। বলিউডের ইতিহাসে সংগীতস্বত্ব বিক্রির অন্যতম বড় চুক্তি হিসেবে এটিকে দেখা হচ্ছে।
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, সংগীতস্বত্ব কেনার দৌড়ে টি-সিরিজ এবং সনি মিউজিক—উভয় প্রতিষ্ঠানই অংশ নিয়েছিল। শেষ পর্যন্ত সর্বোচ্চ প্রস্তাব দিয়ে টি-সিরিজ চুক্তিটি নিজেদের করে নেয়। জানা গেছে, চুক্তির অর্থ Refundable Advance (ফেরতযোগ্য অগ্রিম) হিসেবে প্রদান করা হবে।
চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, মুক্তির আগেই এত বড় অঙ্কের সংগীতস্বত্ব বিক্রি ‘রামায়ণ’-এর বাণিজ্যিক সম্ভাবনার প্রতি নির্মাতা ও পরিবেশকদের উচ্চ আস্থারই প্রতিফলন।
এর আগে বলিউডে সংগীতস্বত্ব বিক্রির ক্ষেত্রে বেশ কয়েকটি বড় চুক্তির খবর আলোচনায় এলেও ‘রামায়ণ’-এর এই চুক্তি নতুন রেকর্ডের ইঙ্গিত দিচ্ছে। চলতি বছর ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ ছবির সংগীতস্বত্ব নিয়ে ৫০ থেকে ৬৫ কোটি রুপির গুঞ্জন ছড়ালেও পরে নির্মাতারা জানান, প্রকৃত চুক্তির মূল্য ছিল প্রায় ৩০ কোটি রুপি। সেই তুলনায় ‘রামায়ণ’-এর প্রায় ৮০ কোটি রুপির চুক্তি বলিউডে নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলারও। ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের ব্যাপক আগ্রহ ও আলোচনা লক্ষ্য করা যাচ্ছে। আধুনিক ভিজ্যুয়াল এফেক্টস (VFX), বৃহৎ ক্যানভাস এবং মহাকাব্যিক উপস্থাপনা দর্শকদের মধ্যে প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।
ছবিটির আরেকটি বড় আকর্ষণ এর সংগীত পরিচালনা। প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন বিশ্বখ্যাত সুরকার এ আর রহমান এবং হ্যান্স জিমার। ভারতীয় ও আন্তর্জাতিক সংগীতজগতের এই দুই কিংবদন্তির যৌথ সুরসৃষ্টিকে ঘিরে ইতোমধ্যেই দর্শক ও সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
চলচ্চিত্রটিতে রামের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতা চরিত্রে রয়েছেন সাই পল্লবী এবং রাবণ চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা যশকে। এছাড়া লক্ষ্মণ চরিত্রে অভিনয় করেছেন রবি দুবে। গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রে রয়েছেন সানি দেওল, অরুণ গোভিল, লারা দত্ত, রাকুল প্রীত সিংসহ আরও অনেক জনপ্রিয় শিল্পী।
ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’-কে আন্তর্জাতিক মানের প্রযুক্তি, উন্নত ভিএফএক্স এবং বৃহৎ বাজেটের মাধ্যমে নতুনভাবে উপস্থাপনের লক্ষ্যেই নির্মিত হচ্ছে এই চলচ্চিত্র। নির্মাতাদের দাবি, এটি ভারতীয় সিনেমার ইতিহাসের অন্যতম বৃহৎ ও উচ্চাভিলাষী প্রকল্প।
পরিকল্পনা অনুযায়ী, ‘রামায়ণ’ দুই পর্বে মুক্তি পাবে। প্রথম পর্ব মুক্তি পাওয়ার কথা চলতি বছরের দীপাবলি উপলক্ষে, আর দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০২৭ সালের দীপাবলিতে। ভারতীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক দর্শকদের কাছেও ছবিটি নিয়ে ইতোমধ্যে উল্লেখযোগ্য আগ্রহ তৈরি হয়েছে।