
নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
চট্টগ্রামের ফটিকছড়িতে পৃথক দুটি মন্দিরে চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে মন্দির থেকে চুরি যাওয়া বিভিন্ন পূজার সামগ্রী, নগদ টাকা এবং চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর ভোরে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সার্বজনীন শ্রী শ্রী শিব ও মগধেশ্বরী মন্দিরে চুরির ঘটনা ঘটে। এর কয়েক দিন পর ৩০ সেপ্টেম্বর রাতে লেলাং ইউনিয়নের শ্রী শ্রী মা মঙ্গল চন্ডী মন্দিরেও চুরি হয়। দুটি ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ফটিকছড়ি থানায় পৃথক মামলা করা হয়।
চুরির খবর পাওয়ার পর ঘটনাগুলো তদন্তে নামে ফটিকছড়ি থানা পুলিশ। বিভিন্ন তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার দাউদকান্দির মো. ইউসুফ (৩২), ফটিকছড়ির উত্তর ধুরুং এলাকার মো. হাশেম (৪২), ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া এলাকার মো. সাহাব উদ্দিন (৪১) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকার রুহুল আমিন (২৯)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে তিনটি পিতলের ঘট, দুটি পিতলের পঞ্চবটি প্রদীপ, দুটি ত্রিশূল, একটি পিতলের ঘণ্টা, ছয়টি পিতলের সরই, ছয়টি স্টিলের প্লেট, দুটি চামচ, একটি বড় পিতলের ঘট, দুটি পিতলের কোষা, একটি বদনা, একটি কাঁসার গামলা, একটি গ্লাস, ছয়টি পিতলের ছোট থালা, একটি আরতি, একটি দুর্গামূর্তি ও চারটি পিতলের বাটি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া প্রণামী বক্সের ১ হাজার ২০০ টাকা এবং চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মসজিদ ও মন্দিরের দানবাক্সসহ অন্যান্য সামগ্রী চুরির সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে। তবে এসব ঘটনায় তাদের ভূমিকা ও অন্য কেউ জড়িত কি না, তা নিশ্চিত করতে তদন্ত চলছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে চুরি প্রতিরোধে নজরদারি ও অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে ফটিকছড়ি থানা পুলিশ।