
নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে কিশোরগঞ্জের ইটনায় পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে ভিন্নধর্মী উদ্যোগের কথা জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।
তিনি বলেছেন, পূজার সময় তাঁর এলাকায় মণ্ডপগুলোতে পুলিশ মোতায়েনের প্রয়োজন হবে না। তিনি নিজে পূজামণ্ডপগুলো পরিদর্শন করবেন। পাশাপাশি প্রয়োজন দেখা দিলে দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক দল গঠন করে মণ্ডপের নিরাপত্তায় সহযোগিতা করার কথাও জানান তিনি।
মঙ্গলবার সকালে ইটনা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন সংসদ সদস্য ফজলুর রহমান।
তিনি বলেন, দুর্গাপূজার সময় তিনি নিজে মাঠে থাকবেন। তাঁর ভাষ্য, ‘আমি উপস্থিত থাকব। দেখবেন, কোনো পূজামণ্ডপে কোনো সমস্যা হবে না।’ নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্যাপনের জন্য স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনার কথাও জানান তিনি।
মতবিনিময় সভায় ইটনার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল বাড়ানো এবং চিকিৎসকদের আবাসনের ব্যবস্থা করার প্রস্তাব দেওয়া হয়।
এ ছাড়া ইটনা বালিকা উচ্চবিদ্যালয়কে মহিলা কলেজে উন্নীত করা, হাওর এলাকার শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নৌকার ব্যবস্থা এবং প্রতিটি ওয়ার্ডে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের বিষয় উঠে আসে সভায়।
হাওরাঞ্চলের মানুষের নিরাপদ পানি নিশ্চিত করতে পর্যাপ্ত টিউবওয়েল স্থাপনের বিষয়েও আলোচনা করা হয়। স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত দাবিগুলো সংসদ সদস্যের কাছে তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় ফজলুর রহমান বলেন, হাওরবাসীর দীর্ঘদিনের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে কাজ করার কথা জানান তিনি। সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন সংসদ সদস্য।
মতবিনিময় সভায় সুপ্রিম কোর্টের আইনজীবী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহসভাপতি মনির উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. পলাশ রহমান ও সাংগঠনিক সম্পাদক মো. তারিকুল ইসলাম জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।