
নিজস্ব প্রতিবেদক : রাহুল দে | বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে ‘ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট ২০২৬’। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) জাগ্রত ছাত্র সমাজের উদ্যোগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইসকন বান্দরবান কার্যালয়ে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কালেক্টর স্কুল অ্যান্ড কলেজসহ জেলার বিভিন্ন স্কুল-কলেজ ও উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
দিনব্যাপী আয়োজনে ভজন-কীর্তন, গীতার শ্লোক আবৃত্তি, পৌরাণিক অভিনয়, বক্তৃতা, চিত্রাঙ্কন, ছবিতে রং করা, নৃত্য ও কুইজসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে নিজেদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভা তুলে ধরে। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও পরিবেশনায় আয়োজনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজকেরা জানান, জেলা পর্যায়ের বিভিন্ন ইভেন্টে বিজয়ীরা পরবর্তী ধাপে বিভাগীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাবে। বিভাগীয় পর্যায়ে বিজয়ীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশের পাশাপাশি নৈতিক ও ধর্মীয়-সাংস্কৃতিক শিক্ষায় উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।