
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঘুঘুমারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দীপিকা সানা স্থানীয় কৃষক দেবাশীষ সানার স্ত্রী। তাঁদের মেয়ের বিয়েকে কেন্দ্র করে বাড়িতে চলছিল গায়েহলুদের প্রস্তুতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে বাড়ির পাশের গোয়ালঘরে কোনো প্রয়োজনীয় কাজে যান দীপিকা সানা। সেখানে অসাবধানতাবশত বিদ্যুতায়িত একটি তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
খবর পেয়ে আশাশুনি থানার একটি দল ঘটনাস্থলে যায়। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ খান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছিল। বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে।
ঘটনার পর বিয়ের সব আয়োজন স্থগিত করা হয়েছে। যে বাড়িতে বিয়ের গান আর আনন্দের প্রস্তুতি চলছিল, সেখানে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। স্থানীয়রা জানান, এমন মর্মান্তিক ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।