
নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
নেপালের ভারত-সীমান্তবর্তী সুনসারি জেলায় ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের গুলিতে একজন নিহত এবং নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত এক ডজন মানুষ আহত হয়েছেন। ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ায় জেলার বিভিন্ন এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ ও কঠোর বিধিনিষেধ জারি করেছে প্রশাসন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এএনআই-এর বরাতে জানায়, সোমবার সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। মঙ্গলবারও টানা দ্বিতীয় দিনের মতো জেলার কয়েকটি এলাকায় কারফিউ বহাল ছিল।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, ধর্মীয় শোভাযাত্রায় লাউডস্পিকার ব্যবহার ও ধর্মীয় পতাকা টানানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালায়। এতে একজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
সুনসারি জেলা দক্ষিণ-পূর্ব নেপালে অবস্থিত এবং ভারতের বিহার রাজ্যের সঙ্গে এর সীমান্ত রয়েছে। কোশি ব্যারাজের মাধ্যমে এটি দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ যাতায়াত ও বাণিজ্যিক সংযোগপথ হিসেবে ব্যবহৃত হয়। ভারতীয় অংশে এ অঞ্চলটি বিহারের সুপৌল ও আরারিয়া জেলার সংলগ্ন।
জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হরিনগর ও দেবগঞ্জ গ্রামীণ পৌরসভার পুরো এলাকায় বিধিনিষেধ কার্যকর রয়েছে। পাশাপাশি হরিনগর, ভুটাহা, কাপ্তানগঞ্জ, ঘুস্কি ও দেবগঞ্জ বাজার এলাকায় কারফিউ জারি করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব এলাকায় র্যালি, বিক্ষোভ, জনসভা, অবস্থান কর্মসূচি এবং চারজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ থাকবে বলে প্রশাসন জানিয়েছে।