
ভগবান শ্রীরামচন্দ্রকে অবমাননা এবং ধর্মীয় মূল্যবোধে আঘাতের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন একদল সচেতন শিক্ষার্থী। আজ ১৫ জুন সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি পোস্টারে দেখা যায়, ভগবান শ্রীরামচন্দ্রের ছবি ব্যবহার করে ‘অবমাননা ও ধর্মীয় মূল্যবোধে আঘাত দেওয়ার প্রতিবাদে’ শিক্ষার্থীদের সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের দাবি, সাম্প্রতিক সময়ে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কিছু কর্মকাণ্ড ও বক্তব্যের প্রতিবাদ জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সত্য সনাতন টিভি
পোস্টারে উল্লেখ করা হয়েছে, কর্মসূচিটি ‘সচেতন সাধারণ শিক্ষার্থীবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়’-এর ব্যানারে অনুষ্ঠিত হবে। এতে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠা এবং ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা ও বিতর্কের পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ ও মতপ্রকাশের কর্মসূচি দেখা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সমাবেশও সেই ধারাবাহিকতার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।