
ধর্মীয় ও আধ্যাত্মিক সংগীতের প্রচার-প্রসারের লক্ষ্য নিয়ে রাঙ্গামাটিতে যাত্রা শুরু করেছিল সনাতনী ব্যান্ড ‘ত্রিকাল’। রাঙ্গামাটিতে তরুণ সংগীতশিল্পীদের উদ্যোগে গঠিত এই ব্যান্ড ইতোমধ্যে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে আগ্রহ ও উৎসাহের সৃষ্টি করেছে।
ব্যান্ডটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে চলতি বছরের ১৮ জানুয়ারি। আত্মপ্রকাশের পর প্রথম মঞ্চ পরিবেশনা করে ২০২৬ সালের শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে রাঙ্গামাটির আসামবস্তি এলাকার শ্রী শ্রী অনুকুল ঠাকুর আশ্রম সড়কে আয়োজিত অনুষ্ঠানে।
ব্যান্ডটির সদস্যরা জানান, রাঙ্গামাটিতে একটি সনাতনী ধর্মীয় ব্যান্ড গঠনের স্বপ্ন তাঁদের অনেক দিনের। ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় ধর্মীয় সংগীত দলগুলোর পাশাপাশি বাংলাদেশের কয়েকটি ধর্মভিত্তিক ব্যান্ডের পরিবেশনা থেকে অনুপ্রাণিত হয়ে তাঁরা ‘ত্রিকাল’ গড়ে তুলেছেন। সত্য সনাতন টিভি
বর্তমানে ব্যান্ডটির ভোকাল হিসেবে রয়েছেন প্রিয়ম আইচ। সাইড ভোকালে আছেন আকাশ দাশ। ড্রামসে বাপ্পি দাশ ও রাকেশ দে, বেজ গিটারে অভিজিৎ চৌধুরী (রুবেল), কিবোর্ডে আশিক দে (রাহুল), পারকিউশনে ঈশান ধর এবং লিড গিটারে জিতু দেব দায়িত্ব পালন করছেন। সাউন্ড ইঞ্জিনিয়ার ও সহযোগী হিসেবে রয়েছেন মিঠুন চৌধুরী।
ব্যান্ডের সদস্যরা বলেন, ধর্মীয় সংগীতের মাধ্যমে সনাতন ধর্মের ভাবধারা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং ভক্তিমূলক গানের চর্চাকে আরও সমৃদ্ধ করাই তাঁদের প্রধান লক্ষ্য। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া সনাতনী জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর প্রত্যয়ও ব্যক্ত করেন তাঁরা। সত্য সনাতন টিভি
তাঁদের ভাষায়, “ব্যান্ডটির সুনাম অক্ষুণ্ণ রেখে স্রষ্টার গুণকীর্তন করা এবং সমাজের মানুষের কল্যাণে কাজ করাই আমাদের উদ্দেশ্য। সবার আশীর্বাদ ও সহযোগিতা কামনা করছি।”
ধর্মীয় সংগীতের নতুন এই উদ্যোগ রাঙ্গামাটির সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন স্থানীয় সনাতনী সম্প্রদায়ের সদস্যরা।