
কক্সবাজারের রামু চৌমুহনী এলাকায় অবস্থিত শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ রামু উপজেলা শাখা মন্দিরের পুনর্নির্মাণ কাজের প্রথম বেইজ ঢালাইয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত ৭ জুন এ অনুষ্ঠানের মাধ্যমে মন্দিরের নতুন ভবন নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সৌমিত্র মজুমদার পলাশ। তিনি মন্দিরের উন্নয়ন কার্যক্রমকে সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. দুলাল চন্দ্র পাল, সজল ব্রাহ্মণ চৌধুরী এবং সুশান্ত পাল বাচ্চু।
এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেন সুভাষ দাশ, দোলন ধর, প্রদীপ ভট্টাচার্যসহ স্থানীয় সনাতনী সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা এবং অসংখ্য গুরু ভাই-বোন।
মন্দির পুনর্নির্মাণ প্রকল্পের উদ্যোক্তা ও আশ্রম সভাপতি রতন দেওয়ানজি বলেন, “আমাদের লক্ষ্য শুধু একটি উপাসনালয় নির্মাণ নয়। ভবিষ্যতে এই মন্দিরকে সনাতন ধর্মাবলম্বীদের জ্ঞানচর্চা, সংস্কৃতি বিকাশ ও গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।”
আয়োজকেরা জানান, নতুন ভবন নির্মাণের মাধ্যমে ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। স্থানীয় সনাতনী সম্প্রদায়ের সদস্যরা মন্দিরের উন্নয়নকাজকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত কাজ সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করেছেন।