
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কর্ণফুলী নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় এক নববধূ নিখোঁজ রয়েছেন। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে কোদালা জেলে পাড়া থেকে চন্দ্রঘোনা মিনার পাড়ায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আকস্মিক ঝড়ের কারণে নৌকাটি নদীর মাঝপথে ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় ৫ জনকে জীবিত উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে রয়েছেন রাজ ঘোষ (২), অনিশ ঘোষ (৬), পলি দাশ (২৫) ও রুপন ঘোষ।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রাথমিক চিকিৎসা শেষে রাজ ঘোষ ছাড়া অন্যদের ছেড়ে দেওয়া হয়েছে। দুই বছর বয়সী শিশু রাজ ঘোষের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে, নিখোঁজ নববধূ কণিকা দাশ (১৯)-এর সন্ধানে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।