
সমাজসেবামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব শ্রী মিশন কান্তি দত্তকে সংবর্ধনা দিয়েছে সংগঠনটি। গতকাল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামের জামালখান চন্দ্রিমা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ সংবর্ধনা প্রদান করা হয়। এতে সংগঠনের নেতাকর্মী, সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার ব্যক্তিত্ব এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শ্রী মানিক হালদার।চট্টগ্রাম বিভাগীয় টিম লিডার প্রভাত মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী কালিয়াইশ মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী চৈতন্য রুদ্রাক্ষ বাবাজি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্রী সবুজ দাশগুপ্ত। তিনি বলেন, মানবিক কর্মকাণ্ড ও সমাজকল্যাণমূলক উদ্যোগে শ্রী মিশন কান্তি দত্ত দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর উদারতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ড অনেককেই অনুপ্রাণিত করছে।
সংবর্ধিত অতিথি শ্রী মিশন কান্তি দত্ত তাঁর বক্তব্যে বলেন, মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোকে তিনি নিজের নৈতিক দায়িত্ব হিসেবে মনে করেন। তিনি সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সংগঠনের পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রকৌশলী বিন্দুনাথ, সাংবাদিক রুপন দত্ত, প্রকৌশলী রাজিব চৌধুরী, শিবলু কুমার দাশ, পলাশ কান্তি নাথ রণী, তপন কুমার দাশ, সুজন দেবনাথ, সুব্রত দত্ত, শুভ দাশ, বিকাশ শীল, তন্ময় দত্ত ও বিজয় সরকার প্রমুখ। বক্তারা তাঁদের বক্তব্যে শ্রী মিশন কান্তি দত্তের মানবিক গুণাবলি ও সমাজসেবায় তাঁর অবদান তুলে ধরেন এবং বলেন, এমন দানশীল ও মানবিক ব্যক্তিত্ব সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।
অনুষ্ঠানের একপর্যায়ে সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানটি উপস্থিত সবার মধ্যে এক আন্তরিক মিলনমেলায় পরিণত হয়। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও সমাজসেবামূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করবে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে ভূমিকা রাখবে।