
খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার পুরাতন বাজার এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী নারায়ন ও বাবা লোকনাথ মন্দিরে অখণ্ড সারথি সংঘের উদ্যোগে শুভ দোল পূর্ণিমা উদযাপিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী ভক্তি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়। সত্য সনাতন টিভি
উৎসব উপলক্ষে সকালে বিশেষ পূজা ও অর্ঘ্য নিবেদনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে নারায়ণ পূজা, ভোগ নিবেদন, মঙ্গল প্রদীপ প্রজ্বালন এবং ভক্তিগীতি পরিবেশন করা হয়। ভক্তদের অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণে আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়।
দোল পূর্ণিমা উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় দোল খেলার আয়োজন করা হয়। এতে নারী, পুরুষ ও শিশুরা অংশ নেন। উৎসব ঘিরে দিঘীনালার বিভিন্ন এলাকা থেকে ভক্তরা মন্দিরে সমবেত হন।
আয়োজকেরা জানান, এ উৎসবের মূল বার্তা সত্য, শান্তি ও সমৃদ্ধি। জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবার অংশগ্রহণই এ আয়োজনের বিশেষ দিক। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে মিলন ও ভক্তির বন্ধন দৃঢ় করতেই প্রতিবছর এ আয়োজন করা হয়।
দিনব্যাপী কর্মসূচি শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।