বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
অবসরের পরও থামেননি, সাইকেল চালিয়ে ক্লাস নেন সুনিল চন্দ্র দেয়াল টপকে বাড়িতে ঢুকে চুরি? গয়না ও পূজার ৬১ হাজার ৫০০ টাকা খোয়া সিলেটে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা কোলন ক্যান্সারে মারা গেলেন বাঁশখালীর শিক্ষিকা জয়শ্রী মির্জাপুরে নির্মাণাধীন পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুর, যুবক গ্রেপ্তার অঙ্কিতা ভট্টাচার্যের কণ্ঠে প্রকাশিত হলো দুর্গাপূজার গান ‘সবার মাঝে এলো মা’ দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে পদুয়া মহাশ্মশানের রাস্তা নির্মাণকাজ এগিয়ে চলছে বিয়ের দুই সপ্তাহ আগে ডেঙ্গুতে মৃত্যু, শেষ বিদায়ে বৃষ্টিকে সিঁদুর পরালেন হবু স্বামী দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে চট্টগ্রামে পুলিশ-পূজা কমিটির মতবিনিময় রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক

সিলেটে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সিলেটজুড়ে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নগর থেকে জেলার বিভিন্ন প্রান্তের পূজামণ্ডপে প্রতিমা নির্মাণ, সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ এগিয়ে চলছে। আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে এবারের দুর্গোৎসব।

 

সিলেট জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের দেওয়া তথ্য অনুযায়ী, এবার জেলায় ও নগরে মোট ৬৩৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিলেট জেলায় ৪৭৪টি এবং মহানগর এলাকায় ১৬৩টি মণ্ডপ রয়েছে।

 

জেলার ৪৭৪টি মণ্ডপের মধ্যে ৪৪৮টি সর্বজনীন ও ২৬টি পারিবারিক। অন্যদিকে মহানগরের ১৬৩টি মণ্ডপের মধ্যে ১৪৭টি সর্বজনীন এবং ১৬টি পারিবারিক পূজামণ্ডপ।

 

পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরই মধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ১৮টি নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে ১১ সদস্যের একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। যেকোনো সমস্যা বা পরিস্থিতি সম্পর্কে দ্রুত জানাতে সংশ্লিষ্ট পূজা কমিটিগুলোকে মনিটরিং সেলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

 

মহানগরে ১৬৩ মণ্ডপ

 

সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত দেব জানান, মহানগরের পাঁচ থানার অধীনে এবার ১৬৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে কোতোয়ালি থানায় ৪২টি, জালালাবাদে ২২টি, মোগলাবাজারে ১৮টি, শাহপরানে ২৬টি এবং বিমানবন্দর থানায় ৪০টি মণ্ডপ রয়েছে।

 

তিনি জানান, এখন পর্যন্ত পূজাকে ঘিরে কোনো ধরনের ঝুঁকি বা আশঙ্কার তথ্য পাওয়া যায়নি। মণ্ডপগুলোতে প্রতিমা নির্মাণ, সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ শেষ পর্যায়ে। নিয়মিতভাবে পূজামণ্ডপগুলো পরিদর্শনও করা হচ্ছে।

 

প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, বিদ্যুৎ সরবরাহের বিকল্প ব্যবস্থা হিসেবে জেনারেটর রাখা এবং প্রয়োজন অনুযায়ী স্বেচ্ছাসেবক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবকদের নাম ও ঠিকানাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে বলা হয়েছে।

 

মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

 

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবি ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে নিরাপত্তাব্যবস্থা সাজানো হচ্ছে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

 

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন জানান, পূজাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। ষষ্ঠী থেকে পূর্ণাঙ্গ নিরাপত্তাব্যবস্থা কার্যকর হবে। প্রতিমা তৈরির স্থানগুলোতেও স্থানীয় ব্যক্তি, আনসার ও চৌকিদারদের সমন্বয়ে নজরদারি চলছে।

 

গুরুত্বপূর্ণ মন্দিরগুলোতে সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের বডি-অন ক্যামেরা ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।

 

সিলেট মহানগর পুলিশ জানিয়েছে, পূজামণ্ডপে পুলিশ, আনসার ও ট্রাফিক পুলিশের সদস্যদের পাশাপাশি র‌্যাবের টহল থাকবে। ঝুঁকি বিবেচনায় মণ্ডপগুলোকে গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ—দুই শ্রেণিতে ভাগ করে নিরাপত্তা দেওয়া হবে। অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপে স্থায়ী পুলিশ মোতায়েন এবং অন্যান্য এলাকায় মোবাইল টহল জোরদার করা হবে।

 

ড্রোন ও সাইবার নজরদারি

 

পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় আকাশপথে নজরদারির জন্য ড্রোন ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার কিংবা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাতে কোনো ধরনের অস্থিরতা তৈরি না হয়, সে বিষয়েও নজর রাখবে পুলিশের সাইবার টিম।

 

মণ্ডপ কমিটির সঙ্গে দ্রুত তথ্য আদান-প্রদানের জন্য একটি সমন্বিত যোগাযোগব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে পুলিশের হটলাইন নম্বরগুলোও সক্রিয় থাকবে।

 

পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব

 

দুর্গোৎসবের সময় ডেঙ্গু প্রতিরোধেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পূজামণ্ডপ ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার পাশাপাশি নিয়মিত মশা নিরোধক ও জীবাণুনাশক স্প্রে করার কথা জানানো হয়েছে।

 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেন, ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত দুর্গোৎসবকে কেন্দ্র করে সিলেট জেলা ও মহানগরে নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই। প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক পাহারা, পর্যাপ্ত আলোকসজ্জা, বিদ্যুৎ ব্যাকআপ ও প্রয়োজন অনুযায়ী সিসি ক্যামেরার ব্যবস্থা রাখতে বলা হয়েছে।

 

তিনি বলেন, উৎসবকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে পূজার্থী ও দর্শনার্থীদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

 

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লা আল মামুন জানান, পূজার প্রস্তুতি শান্তিপূর্ণভাবেই এগিয়ে চলছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা বা ঝুঁকির তথ্য পাওয়া যায়নি। দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

তথ্যসূত্র : কালবেলা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews