
নিজস্ব প্রতিবেদক : রংপুর প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে রংপুর মহানগরীর পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রংপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে রংপুর মহানগর ও জেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মুঃ মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) ও অতিরিক্ত দায়িত্বে ডিসি (সিটিএসবি) সনাতন চক্রবর্তীসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা। সত্য সনাতন টিভি
পূজা উদযাপন কমিটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিকাশ দাস, মেট্রোপলিটন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পিসুষ চন্দ্র সরকার, পরশুরাম থানা পূজা উদযাপন কমিটির সভাপতি সুধীর চন্দ্র সেন, তাজহাট থানা কমিটির সম্পাদক সুমন চন্দ্র বর্মন এবং হাজিরহাট থানা কমিটির সম্পাদক বকুল চন্দ্র রায়সহ বিভিন্ন কমিটির নেতারা।
সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, জনসমাগম নিয়ন্ত্রণ, যানবাহন চলাচল, সম্ভাব্য ঝুঁকি ও বিরোধ চিহ্নিতকরণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
পুলিশ কমিশনার মুঃ মাহবুবুর রশীদ বলেন, শারদীয় দুর্গাপূজা দেশের গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক উৎসব। রংপুর মহানগরীতে পূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, পূজা উদযাপন কমিটিগুলোর পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন বিষয় ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। পূজাকে কেন্দ্র করে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। সত্য সনাতন টিভি
পূজামণ্ডপকেন্দ্রিক ট্রাফিক ব্যবস্থাপনা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা জোরদারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনাও দেন পুলিশ কমিশনার।
সভায় পূজা উদযাপন কমিটির নেতারা দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।