
নিজস্ব প্রতিবেদক : হৃদয় বণিক | হাটাজারী প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুরের সোমপাড়ায় শারদীয় দুর্গাপূজার ৫১তম বর্ষে বিশেষ মণ্ডপ ভাবনা হিসেবে থাকছে ‘নীলকমল’ Where Purity Meets Divinity’। সোমপাড়া সার্বজনীন শারদীয়া দুর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে এবারের পূজায় মহাজাগতিক নীল আভা, পবিত্রতা ও মাতৃশক্তির প্রতীকী উপস্থাপনাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, নীল পদ্মের প্রতীকী সৌন্দর্য ও দেবত্বের ভাবনাকে কেন্দ্র করে সাজানো হচ্ছে এবারের পূজামণ্ডপ। অন্ধকার ভেদ করে আলোর জাগরণ এবং পবিত্রতার আবহ তৈরির মাধ্যমে দর্শনার্থীদের সামনে একটি ভিন্নধর্মী নান্দনিক পরিবেশ তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
এবারের পূজার পূজাঙ্গন নির্ধারণ করা হয়েছে সোমপাড়া শ্রীশ্রী রক্ষাকালী মায়ের মন্দির, মির্জাপুর, হাটহাজারী, চট্টগ্রাম। ৫১তম বর্ষের এ আয়োজনে ধর্মীয় আবহের পাশাপাশি মণ্ডপসজ্জা ও আলোকসজ্জায় সৃজনশীলতার সমন্বয় করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
‘নীলকমল’ ভাবনার সৃজন ও বাস্তবায়নে রয়েছে বিভিন্ন শিল্পী ও কারিগরি দলের সমন্বিত প্রচেষ্টা। আয়োজকদের তথ্য অনুযায়ী, ভাবনা ও সৃজনে Korno চলচ্চিত্র, মাতৃরূপায়ণে শ্রী উত্তম পাল, আলোকসজ্জা ও শব্দ ব্যবস্থাপনায় HN Sound এবং সাজসজ্জায় Shahjahan Decorators দায়িত্ব পালন করছে।
আয়োজকদের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজার বিভিন্ন আয়োজনে সপরিবারে অংশগ্রহণের জন্য সনাতন ধর্মাবলম্বীদের আমন্ত্রণ জানানো হয়েছে।