শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুররে, সজল কুমার দেউরীর মৃত্যু ঘিরে নতুন তথ্য, গুজব না ছড়ানোর আহ্বান পরিবারের পটুয়াখালীতে শিক্ষকের রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে পূর্বের নির্যাতনের অভিযোগ শুধু হিন্দুরাই বৃত্তি পেয়েছে’ ভাইরাল দাবি বিভ্রান্তিকর, বিশেষ কর্মসূচির উপবৃত্তির তালিকা নিয়ে অপপ্রচার ফেসবুক মন্তব্য ঘিরে উত্তেজনা: পুলিশের হাতে যুবককে তুলে দেওয়ার পরও সুনামগঞ্জে হিন্দুপল্লী ও মন্দিরে হামলা-ভাঙচুর বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের সর্বোচ্চ প্রস্তুতি: চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় স্বাস্থ্য বিভাগের ব্যাপক উদ্যোগ সংবিধানে সমতার নিশ্চয়তা, সমাজে বৈষম্যের বাস্তবতা: দলিত (হরিজন) জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও জীবনসংগ্রাম স্ত্রীর স্বীকৃতি ও সংসার ফিরে পাওয়ার দাবিতে চিকিৎসকের অনশন ফেনীর ফুলগাজীতে শতবর্ষী দোল মন্দিরে ভাঙচুরের অভিযোগ, সংঘর্ষে আহত অন্তত ৫ নরসিংদীতে মন্দির উন্নয়নের সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে চট্টগ্রামে ইসকনের ঐতিহাসিক রথযাত্রা মহোৎসব–২০২৬: উল্টো রথযাত্রায় প্রধান অতিথি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

পিরোজপুররে, সজল কুমার দেউরীর মৃত্যু ঘিরে নতুন তথ্য, গুজব না ছড়ানোর আহ্বান পরিবারের

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : সত্য সনাতন টিভি  || অনলাইন সংস্করণ 

 

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের কাটাপিটানিয়া গ্রামের গার্মেন্টসকর্মী সজল কুমার দেউরীর আত্মহত্যার ঘটনাকে ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। ঘটনার ১৩ দিন পর নিহতের স্ত্রী, মা ও ছোট ভাই দাবি করেছেন, আত্মহত্যার পেছনে পরকীয়ার কোনো ঘটনা ছিল না; বরং পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ এবং মানসিক চাপই এ মর্মান্তিক ঘটনার মূল কারণ।

 

নিহতের পরিবারের ভাষ্য, সজলের মৃত্যুর পর একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরকীয়ার গুজব ছড়িয়ে প্রকৃত ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। একই সঙ্গে প্রতিহিংসাবশত এক কলেজপড়ুয়া শিক্ষার্থীকেও এ ঘটনায় জড়ানোর অপচেষ্টা হয়েছে বলেও তারা অভিযোগ করেন। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

 

নিহতের স্ত্রী রঞ্জিতা রানী হালদার সাংবাদিকদের জানান, তার সঙ্গে স্বামীর দাম্পত্য সম্পর্ক স্বাভাবিক ও আন্তরিক ছিল। তিনি বলেন, ঘটনার কয়েক দিন আগে থেকেই স্বামীর সঙ্গে দেবর ও শাশুড়ির সম্পত্তি এবং বসতবাড়ি ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিল। তার দাবি, সেই বিরোধ এবং মানসিক চাপের জেরেই সজল আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত নেন।

 

রঞ্জিতা আরও বলেন, একসময় পরিবারের আর্থিক অবস্থা দুর্বল থাকলেও স্বামীর চাকরির কারণে সংসারের অবস্থার উন্নতি হয়। কিন্তু পরে পারিবারিক কলহ বাড়তে থাকে। তার অভিযোগ, স্বামীর মৃত্যুর পর তাকে মিথ্যা পরকীয়ার অপবাদ দিয়ে তার স্বর্ণালংকার, মোবাইল ফোন এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি ছোট মেয়েকে নিয়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। শ্বশুরবাড়িতে ফিরে গেলে তাকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

 

নিহতের ছোট ভাই সুজিত কুমার দেউরী বলেন, বড় ভাই তার কাছে বাবার মতো ছিলেন। তিনি জানান, মা দুই ভাইয়ের মধ্যে সমানভাবে সম্পত্তি ভাগ করে দিতে চেয়েছিলেন। এ নিয়ে কিছুদিন পারিবারিক মনোমালিন্য থাকলেও পরকীয়ার কোনো বিষয় তাদের জানা ছিল না।

 

পরকীয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, যার নাম সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে, তিনি তার দীর্ঘদিনের বন্ধু। তাকে সন্দেহ করার মতো কোনো ঘটনা কখনো ঘটেনি এবং তাদের মধ্যে কোনো আপত্তিকর সম্পর্কের বিষয়ও পরিবারের নজরে আসেনি।

 

নিহতের মা লক্ষ্মী রানী দেউরী বলেন, স্বামীর মৃত্যুর পর বড় ছেলে সজলই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। সামান্য পারিবারিক বিরোধের জেরে এমন ঘটনা ঘটবে, তা তিনি কখনো কল্পনাও করেননি। তার ভাষ্য, ছেলের মৃত্যুর আগে পরকীয়ার কোনো অভিযোগ বা তথ্য তাদের জানা ছিল না; মৃত্যুর পরই এ ধরনের কথা শুনেছেন।

 

তিনি আরও জানান, ছোট নাতনির ভবিষ্যতের কথা বিবেচনা করে পরিবার আপাতত থানায় কোনো অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেয়নি।

 

পারিবারিক সূত্রে জানা যায়, সজল কুমার দেউরী পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের কাটাপিটানিয়া গ্রামের বাসিন্দা এবং স্বপন কুমার দেউরীর ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। গত ২৯ জুন ঢাকার ভাড়া বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরিবারের দাবি, ঘটনার সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও কলে স্ত্রী ও মায়ের সঙ্গে যুক্ত ছিলেন।

 

এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ঘটনাস্থল ঢাকায় হওয়ায় সেখানকার থানায় নিয়ম অনুযায়ী একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। নেছারাবাদ থানায় এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। তবে অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews