
নিজস্ব প্রতিবেদন : সত্য সনাতন টিভি || অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার একটি বিদ্যালয়ের চার ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার একদিন পর সিলেট থেকে উদ্ধার হয়েছে। বুধবার (১ জুলাই) সিলেটের একটি বাস কাউন্টার থেকে তাদের উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার (৩০ জুন) সকাল প্রায় ১০টার দিকে চার ছাত্রী একসঙ্গে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও তাদের সন্ধান না পেয়ে বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস জানান, পুলিশ রাতভর অভিযান চালিয়ে বুধবার সিলেটের একটি বাস কাউন্টার থেকে চার ছাত্রীকে উদ্ধার করে। সে সময় তারা গোয়াইনঘাটগামী একটি বাসের জন্য অপেক্ষা করছিল।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়ার আগে তারা ঢাকায় গিয়েছিল। পুলিশের ধারণা, একটি সংঘবদ্ধ মানবপাচার চক্র প্রলোভন দেখিয়ে তাদের সীমান্তবর্তী এলাকায় নিয়ে গিয়ে ভারত পাচারের চেষ্টা করছিল।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মানবপাচার চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।