
নিজস্ব প্রতিবেদন : সমীর রুদ্র | কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কাশিয়ার বিল সার্বজনীন শ্রীশ্রী হরি মন্দির প্রাঙ্গণে বৃক্ষরোপণ, নবগঠিত উপজেলা বাগীশিক কমিটিকে সংবর্ধনা এবং গুরুকুলের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় ও সাংস্কৃতিক আবহে স্থানীয় ভক্ত, অভিভাবক এবং শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে নবগঠিত উখিয়া উপজেলা বাগীশিক কমিটির সভাপতি শিক্ষিকা বেবী প্রভা দে এবং সাধারণ সম্পাদক শিক্ষক অমল ভট্টাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানায় কাশিয়ার বিল সার্বজনীন শ্রীশ্রী হরি মন্দির পরিচালনা কমিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরম কৃষ্ণভক্ত চিকিৎসক ডা. অশোক বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সঞ্জয় কান্তি দে। বক্তারা ধর্মীয় শিক্ষা, সংস্কৃতি চর্চা ও পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় কাশিয়ার বিল মহোৎসবের সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিষ্য এবং জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন গুরুকুলভিত্তিক অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাশিয়ার বিল সার্বজনীন শ্রীশ্রী হরি মন্দির পরিচালনা কমিটির সভাপতি উজ্জ্বল ধর, সাধারণ সম্পাদক রাসেল ঘোষ, অর্থ সম্পাদক বিপুল দে, মহোৎসব উদযাপন পরিষদের অর্থ সম্পাদক মৃদুল কান্তি দে, গুরুকুলের পরিচালক সাগর দে, মন্দির কমিটির উপদেষ্টা স্বপন দে ও হারাধন ঘোষ, সদস্য জয় দে এবং এলাকার অভিভাবক ও গুরুকুলের শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে আয়োজকেরা ধর্মীয় শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও পরিবেশ রক্ষায় এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।