
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের ২৫০তম বার্ষিকী উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সরাসরি ফোনে যুক্ত হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদিকে নিজের ‘ঘনিষ্ঠ বন্ধু’ ও ‘বড় ভক্ত’ উল্লেখ করে ট্রাম্প বলেন, ভারত যুক্তরাষ্ট্রের ওপর পূর্ণ আস্থা রাখতে পারে।
রোববার (২৪ মে) দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর। অনুষ্ঠানের বড় পর্দায় ফোনকলে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে ভালোবাসি। মোদি অসাধারণ। তিনি আমার বন্ধু।’
ভারত ও যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ক ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে বেশি ঘনিষ্ঠ বলেও দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, ‘ভারত আমাদের ওপর শতভাগ ভরসা রাখতে পারে। ভারতের যদি কোনো সহায়তার প্রয়োজন হয়, তারা জানে কোথায় ফোন করতে হবে। ভারত যা চাইবে, তা-ই পাবে।’
অনুষ্ঠানে ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও শেয়ারবাজারের সাম্প্রতিক সাফল্যের কথাও তুলে ধরেন। এ সময় তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের ‘সেরা পররাষ্ট্রমন্ত্রী’ বলে অভিহিত করেন।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভবিষ্যতে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানা গেছে।
ভারত সফররত মার্কো রুবিও বলেছেন, দুই দেশ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। তাঁর ভাষ্য, সম্ভাব্য এই চুক্তি উভয় দেশের জন্য দীর্ঘমেয়াদি সুবিধা বয়ে আনবে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজসম্পদ ও বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান রুবিও।