
নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
ময়মনসিংহে স্লুইসগেটের পাশে পানিতে ভাসমান একটি ড্রাম থেকে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি নিরঞ্জন চন্দ্র সূত্রধর (৫০) নামে এক জুয়েলারি কারিগর।
পুলিশ জানিয়েছে, নিরঞ্জন চন্দ্র সূত্রধর ত্রিশাল উপজেলার রমেন্দ্র চন্দ্র সূত্রধরের ছেলে। ত্রিশালে তার গ্রামের বাড়ি হলেও স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি ময়মনসিংহ নগরীর স্টেডিয়াম এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। পেশাগতভাবে তিনি জুয়েলারি তৈরির কাজ করতেন। সত্য সনাতন টিভি
বুধবার সকালে নগরীর বেগুনবাড়ি এলাকার একটি স্লুইসগেটের সামনে পানিতে ভাসতে থাকা ড্রামের ভেতর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, নিহতের মাথা ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহটি ড্রামের মধ্যে রেখে সেখানে ফেলে দেওয়া হয়।
ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।
ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।