মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কারাগারে চিন্ময় কৃষ্ণের মায়ের আদ্যশ্রাদ্ধ আয়োজনের অনুমতি চেয়ে আবেদন আর ৩০ মিনিট দেরি হলেই আমাকে পুড়িয়ে মারা হতো’: প্রবীর চন্দ্র পাল আজ শ্রীশ্রী গণেশ পূজা,ভক্তি ও আনন্দে মুখরিত শহর-গ্রাম আগৈলঝাড়ায় সনাতনী ঐক্য মহাসংঘের ১৮তম গীতা স্কুলের উদ্বোধন উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ গোলপাহাড় মহাশ্মশানের নতুন কমিটিতে নেতৃত্বে আর. কে. দাশ রুপু ও রুবেল দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী জ্ঞান মন্দিরে পঞ্চঘণ্টা স্থাপন ও উদ্বোধন গোলপাহাড় মন্দির কমিটির সব পদ থেকে আয়ান শর্মার পদত্যাগ হরিজন সম্প্রদায়ের প্রথম নারী গ্র্যাজুয়েট সনু রানী দাস

কারাগারে চিন্ময় কৃষ্ণের মায়ের আদ্যশ্রাদ্ধ আয়োজনের অনুমতি চেয়ে আবেদন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : জয় দাশ | চট্টগ্রাম প্রতিনিধি

 

চট্টগ্রাম কারাগারে বন্দী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মায়ের আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠান কারাগারের অভ্যন্তরে আয়োজনের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর এ অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি প্রয়োজনীয় শ্রাদ্ধসামগ্রীসহ একজন পুরোহিতকে কারাগারে প্রবেশের অনুমতি দেওয়ার কথাও আবেদনে উল্লেখ করা হয়েছে।

 

চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রাণী ধর গত ১০ সেপ্টেম্বর মারা যান। মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদনক্রমে তাঁকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল।

 

এরপর গতকাল রোববার রঞ্জন কুমার ধর কারা কর্তৃপক্ষের কাছে নতুন করে আবেদন করেন। আবেদনে সনাতন ধর্মীয় রীতি ও শাস্ত্রীয় আচারের বিষয়টি তুলে ধরে কারাগারের ভেতরেই চিন্ময়ের মায়ের আদ্যশ্রাদ্ধ সম্পন্ন করার সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

 

একই আবেদনে হারাধন রুদ্র নামের একজন পুরোহিতকে শ্রাদ্ধের প্রয়োজনীয় সামগ্রীসহ কারাগারের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়ার কথাও বলা হয়েছে।

 

এ বিষয়ে চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন্স) মোহাম্মদ ছগির মিয়া বলেন, প্যারোলে মুক্তির জন্য জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন প্রয়োজন হয়েছিল এবং তা দেওয়া হয়েছে। তবে নতুন করে করা আবেদনের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন প্রয়োজন নেই। কারাবিধি অনুসরণ করে এ বিষয়ে জেলা সুপার সিদ্ধান্ত নেবেন।

 

কারা বিভাগের এই কর্মকর্তা আরও বলেন, কারাগারের ভেতরে এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের আবেদন খুবই বিরল। কারাবিধিতেও এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই। বিষয়টি ধর্মীয় আচার পালনের সঙ্গে সম্পৃক্ত এবং চিন্ময় কৃষ্ণ দাস একজন বিশেষ বন্দি হওয়ায় আবেদনটি বিশেষ বিবেচনায় দেখা হতে পারে।

 

তবে একই সঙ্গে তিনি জানান, কারাবিধির বাইরে গিয়ে জেল কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এ ধরনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখতিয়ার ও বিধিবিধান বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

 

চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের সাবেক সংগঠক এবং সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ তাঁর বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews