
নিজস্ব প্রতিবেদক : সৌরভ সাহা | রাঙ্গুনিয়া প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরায় এবার ‘চন্দ্রলোক’ ভাবনায় শ্রীশ্রী গণেশ চতুর্থী পূজার আয়োজন করা হয়েছে। দক্ষিণ পোমরা সার্বজনীন শ্রীশ্রী গণেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার শান্তিরহাটের শ্রীশ্রী দক্ষিণেশ্বরী কালীমাতা মন্দির প্রাঙ্গণে এ পূজা অনুষ্ঠিত হবে।
আয়োজকেরা জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে গণেশ চতুর্থী উদযাপন করা হবে। পূজাকে ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।
এবারের পূজার প্রতিপাদ্য বা ভাবনা ‘চন্দ্রলোক’। সেই ভাবনাকে সামনে রেখে প্রতিমা রূপায়ণে এবার প্রথমবারের মতো যুক্ত হয়েছেন চট্টগ্রামের রাউজানের প্রতিমাশিল্পী তমল পাল।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, বিঘ্নহর্তা শ্রীশ্রী গণেশের কৃপায় সব শুভকাজ সফল হোক, পূর্ণিমার চাঁদের স্নিগ্ধ আলোয় ভরে উঠুক চারপাশ। পূজার প্রতিটি পর্বে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি এবং সহযোগিতা কামনা করেছেন তাঁরা।
দক্ষিণ পোমরা সার্বজনীন শ্রীশ্রী গণেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিতব্য এ পূজার পূজাঙ্গন হিসেবে থাকছে শ্রীশ্রী দক্ষিণেশ্বরী কালীমাতা মন্দির প্রাঙ্গণ, শান্তিরহাট, পোমরা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
আয়োজকেরা আশা করছেন, স্থানীয় সনাতনী সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন এলাকার ভক্তদের অংশগ্রহণে এবারের গণেশ চতুর্থী উৎসব প্রাণবন্ত হয়ে উঠবে।