
নিজস্ব প্রতিবেদন : সত্য সনাতন টিভি || অনলাইন সংস্করণ
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার সাবেক সভাপতি সুজয় বিশ্বাস শুভর বিরুদ্ধে ওঠা নারী নিপীড়ন ও ভিকটিম ব্লেমিংয়ের অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সমাবেশ থেকে অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সোমবার (২২ জুন) দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে ‘বরিশাল বিক্ষুব্ধ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হুজাইফা রহমান এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রশক্তির সভাপতি মো. বেলাল।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নারী নিপীড়ন ও ভিকটিম ব্লেমিংয়ের মতো গুরুতর অভিযোগ সামনে আসার পরও এখন পর্যন্ত কার্যকর কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি জানান।
বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীরা চার দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী যৌন নিপীড়নবিরোধী সেল পূর্ণাঙ্গভাবে কার্যকর করা, ভুক্তভোগী নারীদের বিরুদ্ধে চরিত্রহনন ও সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য বন্ধ করা, আইনি লড়াইয়ে ভুক্তভোগীদের জন্য প্রশাসনিক ও আর্থিক সহায়তা নিশ্চিত করা এবং নারী অধিকারকর্মী ও বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে স্বাধীন তদন্ত কমিটি গঠন করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা।
এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি সুজয় বিশ্বাস শুভর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
সমাবেশে বক্তব্য দেন সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থী আব্দুস সালাম, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের শিক্ষার্থী সাধনা হাওলাদার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেজুতিসহ আরও অনেকে। বক্তারা বলেন, নারী নির্যাতন, যৌন হয়রানি ও ভিকটিম ব্লেমিংয়ের মতো ঘটনায় কোনো ধরনের দায়মুক্তি গ্রহণযোগ্য নয়। অভিযোগের সত্যতা যাচাই করে দোষীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
তারা আরও বলেন, অনলাইন ও অফলাইনে ভুক্তভোগীদের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন, সামাজিক হয়রানি এবং চরিত্রহননের অপচেষ্টা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। একই সঙ্গে নারী অধিকার ও নিরাপত্তার প্রশ্নে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
সমাবেশ শেষে শিক্ষার্থীরা অভিযোগের দ্রুত তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।