
ফরিদপুরে স্বর্গীয় চন্দ্রকান্ত নাথের ৫৬তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী শ্রীমদ্ভাগবত পাঠ, ধর্মীয় আলোচনা, পদাবলী কীর্তন, ভাস্কর্য উন্মোচন ও মহাপ্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১৭ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় অবস্থিত শ্রী শ্রী মদন গোপাল বিগ্রহ মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, ১৭ এপ্রিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠানের প্রথম দিনে শ্রীমদ্ভাগবত পাঠ করবেন শ্রীধাম শ্রীঅঙ্গনের সম্পাদক ড. নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী। ১৮ এপ্রিল একই সময়ে শ্রীমদ্ভাগবত পাঠ করবেন রামকৃষ্ণ মিশন আশ্রম-এর স্বামী সুমধুরানন্দ মহারাজ। ১৯ এপ্রিল বরিশালের রাধামাধব কৃষ্ণ বিহারের শ্রী সন্তোষ গোস্বামী, ২০ এপ্রিল ভাঙ্গার চুমুরদীর শ্রী গোপীনাথ ব্রহ্মচারী এবং ২১ এপ্রিল সাতক্ষীরার শ্রী বিল্ল মঙ্গল দেবনাথ শ্রীমদ্ভাগবত পাঠ করবেন। ২২ এপ্রিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পদাবলী কীর্তনের আয়োজন করা হয়েছে।
২৩ এপ্রিল সকাল ৯টায় শ্রীমদ্ভাগবতের ১৮ অধ্যায় পাঠ অনুষ্ঠিত হবে। একইদিন সকাল ১১টায় স্বর্গীয় চন্দ্রকান্ত নাথের ভাস্কর্য উন্মোচন ও র্যালি অনুষ্ঠিত হবে, যেখানে পারচর মতুয়া সংঘ অংশগ্রহণ করবে। একইদিন দুপুর ১টায় ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণ করা হবে। সত্য সনাতন টিভি
আয়োজকরা জানান, প্রতিদিন শ্রীমদ্ভাগবত পাঠ শেষে উপস্থিত ভক্তদের জন্য প্রসাদের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। উল্লেখ্য, স্বর্গীয় চন্দ্রকান্ত নাথ ১৮৮৯ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৭১ সালে পরলোকগমন করেন। তাঁর স্মরণে প্রতিবছর এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।
অনুষ্ঠানে সর্বস্তরের ভক্ত ও ধর্মপ্রাণ মানুষকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকবৃন্দ।