
নোয়াখালীর হাতিয়া, উপজেলায় নির্বাচনের পরবর্তী সহিংসতায় হামলার শিকার হওয়া কয়েকটি হিন্দু পরিবারের বাড়ি পরিদর্শন করেছেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও তাদের নির্বাচন মনিটরিং সেলের সদস্যরা। মঙ্গলবার তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। সত্য সনাতন টিভি
ভুক্তভোগী পরিবারগুলো অভিযোগ করেন, নির্বাচনের পর এনসিপির সমর্থক পরিচয়ে একদল ব্যক্তি তাঁদের বাড়িতে হামলা চালায়। এতে ঘরবাড়ি ভাঙচুর ও আতঙ্কের সৃষ্টি হয়। প্রতিনিধিদল ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের বক্তব্য শোনেন এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। সত্য সনাতন টিভি
পরিদর্শন শেষে প্রতিনিধিদল হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, মামলা গ্রহণ এবং জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। সংগঠনের নেতারা বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেকোনো সহিংসতা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করে এবং সামাজিক সম্প্রীতির জন্য হুমকি সৃষ্টি করে।
পরিদর্শন ও সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু, কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, সাংস্কৃতিক সম্পাদক কানুরাম দে, উপ-মহিলা সম্পাদক উষা আচার্য্য, সদস্য গোপাল শর্মা ও রুপনা চৌধুরী রূপা।
নোয়াখালী জেলা থেকে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক বিপ্লব দাশ ও সদস্য সচিব নারায়ণ মজুমদার। এছাড়া হাতিয়া উপজেলার সনাতনী নেতৃত্ব এবং বাংলাদেশ হিন্দু পরিষদ হাতিয়া উপজেলা আহ্বায়ক সহদেব দাস ও তাঁর টিম পুরো কার্যক্রমে সহায়তা করেন।
সংশ্লিষ্ট সংগঠনগুলোর পক্ষ থেকে দ্রুত সুষ্ঠু তদন্ত, মামলা গ্রহণ এবং দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে হাতিয়া থানার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।