
নিজস্ব প্রতিবেদক : জয় দাশ | চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল এলাকার শ্রীশ্রী পুণ্ডরীক ধামে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা শ্রীমতি সখী রস মঞ্জুরী দেবী দাসী মাতাজী (সন্ধ্যা রানী ধর)-এর আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) শ্রীশ্রী পুণ্ডরীক ধাম প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে পুণ্ডরীক ধাম পরিবারের সদস্য, ভক্ত, শিষ্য ও স্বজনেরা অংশ নেন। সত্য সনাতন টিভি
অনুষ্ঠানটি ছিল তাঁর প্রথম বিরহ মহোৎসব। ওঁ বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য অষ্টোত্তরশত শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের কৃপাধন্য শিষ্যা এবং শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর মমতাময়ী মাতৃদেবী হিসেবে তিনি ভক্তসমাজের কাছে পরিচিত ছিলেন।
সন্ধ্যা রানী ধর ১০ সেপ্টেম্বর ২০২৬ মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। পরিবার সূত্রে জানা যায়, তিনি ক্যানসারসহ বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। ছেলের কারাবাসকে ঘিরে মানসিক চাপও তাঁর অসুস্থতার সময়ে প্রভাব ফেলেছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। সত্য সনাতন টিভি
মায়ের শেষকৃত্য ও অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাসকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। ওই সময় তিনি মায়ের শেষকৃত্য সম্পন্ন করেন। পরে তাঁকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
রোববার পুণ্ডরীক ধামে আয়োজিত আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠানে প্রয়াত সন্ধ্যা রানী ধরের আত্মার শান্তি কামনায় ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়।