
নিজস্ব প্রতিবেদন : সমীর রুদ্র | কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে সার্বজনীন শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার কুতুপালং শ্রীশ্রী হরি মন্দির প্রাঙ্গণে এ পূজার আয়োজন করা হয়। শাস্ত্রীয় বিধি-বিধান অনুসরণ করে পূজার বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় দেবশিল্পী বিশ্বকর্মার চরণে অঞ্জলি প্রদান, বিশেষ প্রার্থনা ও আরতি অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে কুতুপালংসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ভক্ত ও দর্শনার্থীরা অংশ নেন। পূজাকে ঘিরে মন্দির প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পূজার শেষপর্বে উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়।
আয়োজকেরা পূজা সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করা সংশ্লিষ্ট সবাই এবং অংশ নেওয়া ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।