
নিজস্ব প্রতিবেদন : জয় দেব নাথ | চট্টগ্রাম প্রতিনিধি প্রতিনিধি
চট্টগ্রাম দক্ষিণ জেলা অনুমোদিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ+) পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বাঁশখালীর জলদী প্রশিকা অফিসের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রুবেল দেব। প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি ঝন্টু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক পরিমল দেব, যুগ্ম সম্পাদক পরিমল দও, সাংগঠনিক সম্পাদক হারাধন দাশ, সিনিয়র সদস্য পরিমল দত্ত ও সদস্য রাসেল চৌধুরী।
সাংবাদিক নিশাতা নিশির সঞ্চালনায় এবং বাঁশখালী পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সন্ধ্যা দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুবেল, সদস্যসচিব মিটু দাশ, যুগ্ম আহ্বায়ক অজিত দেবনাথ, সংগঠক বিজয় দাশ, সজীব দেবসহ নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করেন। পাশাপাশি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ ধরে রেখে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বাঁশখালী পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাঁশখালী উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আংশিক কমিটি গঠন করা হয়। এতে লায়ন আর কে দাশ রুবেলকে নির্বাহী সভাপতি, সন্ধ্যা দাশকে কার্যকরী সভাপতি এবং মিটু দাশকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
নতুন কমিটির নেতারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সনাতন সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।