
নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে পারে, এমন অপশক্তির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ‘সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়। আমরা সবাই নিজেদের বাংলাদেশি ভাবি।’
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সব নাগরিকের গর্বিত পরিচয় আমরা সবাই বাংলাদেশি।’
তিনি আরও বলেন, বাংলাদেশে আবহমানকাল থেকে দল-মত, ধর্ম-বর্ণনির্বিশেষে মানুষ একে অপরের সঙ্গে মিলেমিশে সাম্প্রদায়িক পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি পালন করে আসছে। তবে সময় সময় কংস-চরিত্রের মানুষেরা রাষ্ট্র ও সমাজে বিভেদ-বিরোধ সৃষ্টি জিইয়ে রাখার অপচেষ্টা চালিয়েছে।
তারেক রহমান বলেন, ‘সমাজবিরোধী অপশক্তি যাতে মাথাচাড়া দিয়ে আর উঠতে না পারে, আর কেউ যেন বিরাজমান সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে না পারে, সেজন্য আমাদের সবাইকে অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন।’
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সব নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা সবার দায়িত্ব।