
নিজস্ব প্রতিবেদক : সজল দাশ
চট্টগ্রামে শতবর্ষের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় রথযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা এখন সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে সম্প্রীতির এক মিলনমেলায় পরিণত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নগরের নন্দনকানন বোস ব্রাদার্স মোড়ে কেন্দ্রীয় রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রায় তিন শতকের ঐতিহ্য বহনকারী এই কেন্দ্রীয় রথযাত্রা সময়ের সঙ্গে সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে এবং সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যেই সরকার কাজ করছে।
উদ্বোধন শেষে কেন্দ্রীয় রথের শোভাযাত্রায় নগরের বিভিন্ন এলাকার রথ অংশ নেয়। এর মধ্যে ছিল তুলসীধাম, শ্রীকৃষ্ণায়ন, মনোহরখালী জগন্নাথদেবের মন্দির, মাইজপাড়া, শাহাজীপাড়া, ফিরিঙ্গীবাজার টেকপাড়া, এনায়েতবাজার কেদারনাথ তেওয়ারী কলোনি, টাইগারপাস জগন্নাথ সংঘ এবং গঙ্গাবাড়ী শ্রীশ্রী জগন্নাথ বাড়ির রথ। শোভাযাত্রায় ধর্মীয় আবহের পাশাপাশি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সত্য সনাতন টিভি
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার, চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী এবং কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি হিরন্ময় ধরসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা।