
নিজস্ব প্রতিবেদক : অনিক মন্ডল | শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের সদর উপজেলার দক্ষিণ মধ্যপাড়া, মনোহর বাজারে অবস্থিত শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব ২০২৬। শ্রীশ্রী নিতাই চৈতন্য নামহট্ট সংঘ (২০১৫), ইসকন অনুমোদিত, আয়োজিত এ মহোৎসব উপলক্ষে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, রথযাত্রা উপলক্ষে ১৫ জুলাই (বুধবার) গুণ্ডিচা মার্জন ও সন্ধ্যায় মহাধিবাস মহোৎসবের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উৎসবের সূচনা হবে। এদিন ভোরে মঙ্গল আরতি, নৃসিংহ আরতি ও তুলসী আরতি, জপ ক্লাস, দর্শন আরতি, গুরুপূজা, শ্রীমদ্ভাগবত পাঠ, বিশ্বশান্তি কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, ভোগ আরতি, শ্রীশ্রী জগন্নাথদেবের লীলামৃত পাঠ এবং মহাপ্রসাদ বিতরণের আয়োজন থাকবে।
বিকেল ৪টায় শ্রীশ্রী জগন্নাথদেবের বর্ণাঢ্য রথযাত্রা শোভাযাত্রা শ্রীশ্রী জগন্নাথ মন্দির, মনোহর বাজার থেকে শুরু হয়ে শ্রীশ্রী রাধামাধব ও শ্রীশ্রী কালী মন্দির, আংগারিয়া বন্দর পর্যন্ত প্রদক্ষিণ করবে। এ শোভাযাত্রায় বিপুলসংখ্যক ভক্ত-অনুরাগীর অংশগ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকরা।
আয়োজক কমিটি জানায়, ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত প্রতিদিন মঙ্গল আরতি, নৃসিংহ আরতি, তুলসী আরতি, হরিনামযজ্ঞ (কীর্তনমেলা), জপযজ্ঞ, গৌর আরতি, ভাগবত কথা, শ্রীশ্রী জগন্নাথ লীলামৃত পাঠ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বৈদিক নাটক ও বৈদিক বাউল সংগীত পরিবেশিত হবে। এতে বাংলাদেশের বিভিন্ন জেলার জ্যেষ্ঠ ভক্তবৃন্দ এবং স্থানীয় সেবকবৃন্দ অংশ নেবেন।
এছাড়া ২২ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত একই ধারাবাহিকতায় ধর্মীয় অনুষ্ঠান, কীর্তন, শাস্ত্র আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা এবং ভক্তিমূলক আয়োজন চলবে। পুরো উৎসবজুড়ে দেশ-বিদেশের ভক্তদের উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি উৎসবমুখর পরিবেশ বিরাজ করবে বলে আশা করা হচ্ছে।
আয়োজকরা জানান, রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি ভগবান শ্রীজগন্নাথ, বলদেব ও সুভদ্রাদেবীর ঐতিহাসিক ও আধ্যাত্মিক লীলার স্মারক। শাস্ত্রীয় বর্ণনা অনুযায়ী, ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনে ফিরিয়ে নেওয়ার যে লীলার স্মরণে এই রথযাত্রার প্রচলন, সেই স্মৃতিকে ধারণ করেই যুগ যুগ ধরে ভক্তরা রথের রশি টেনে অংশগ্রহণ করে আসছেন। সনাতন ধর্মবিশ্বাস অনুযায়ী, ভক্তিভরে রথদর্শন, রথের রশি স্পর্শ কিংবা রথযাত্রায় অংশগ্রহণ অত্যন্ত পুণ্যদায়ক এবং আত্মিক কল্যাণের পথ সুগম করে।
মহোৎসবকে সফল করতে সকল ধর্মপ্রাণ ভক্ত, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা।
উল্লেখ্য, এ মহোৎসবের আয়োজন করেছে শ্রীশ্রী জগন্নাথ মন্দির, শ্রীশ্রী নিতাই চৈতন্য নামহট্ট সংঘ (২০১৫), ইসকন অনুমোদিত, দক্ষিণ মধ্যপাড়া, মনোহর বাজার, সদর, শরীয়তপুর। সংগঠনের সভাপতি শ্রীমান সমরেন্দ্র দাঁড়িয়া এবং সাধারণ সম্পাদক শ্রীমান সর্বেশ্বর দাস উৎসব সফল করতে সকলের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।