
ফরিদপুরের মধুখালী উপজেলায় ধানক্ষেত থেকে সুজন সরকার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭ ঘটিকায় দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূষনা লক্ষণদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুজন সরকার ওই গ্রামের কৃষ্ণ সরকারের ছেলে এবং পেশায় একজন সেলুন কর্মী ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৯ ঘটিকার দিকে সুজন তার বাড়ির পাশের একটি সেলুনে কাজ করছিলেন। পরে রাত সাড়ে ৯ ঘটিকার দিকে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত শুরু হলে বিদ্যুৎ চলে যায়। এ সময় তিনি বাড়ির পাশের ধানক্ষেতে বৃষ্টির পানি ধরে রাখার জন্য বাঁধ ঠিক করতে যান। এরপর রাতে তিনি আর বাড়িতে ফিরে আসেননি।
পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করেও না পেয়ে বাড়িতে ফিরে আসেন। বৃহস্পতিবার সকালে সুজনের বাবা কৃষ্ণ সরকার তাকে খুঁজতে বের হয়ে বাড়ি থেকে প্রায় ১০০ গজ পূর্বে রেললাইনের পাশে তাদের ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে বাড়িতে নেওয়া হয় এবং মধুখালী থানা পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে মধুখালী থানা পুলিশের এসআই রুস্তম ও এসআই কৃষ্ণ ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ মরদেহের সুরতহাল প্রস্তুতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।