
নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
এবার সারাদেশে ৩৩ হাজারেরও বেশি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার পূজামণ্ডপের সংখ্যা এক হাজারের বেশি বাড়বে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের কোনো পূজামণ্ডপকে এ মুহূর্তে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়নি। কোথাও নিরাপত্তাঝুঁকি দেখা দিলে পরিস্থিতি অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পূজামণ্ডপগুলোতে পুলিশের নজরদারি ও মনিটরিং থাকবে বলেও জানান তিনি। সত্য সনাতন টিভি
পূজার সময় বিদ্যুৎ সরবরাহ নিয়ে যেন কোনো ধরনের সমস্যা না হয়, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষ্য, ধর্মীয় উৎসবটি নির্বিঘ্নে পালনের জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে বলা হয়েছে।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমা ভাঙচুরের বিভিন্ন খবর ছড়িয়ে পড়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত প্রতিমা ভাঙচুরের প্রকৃত ঘটনার তথ্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট ও তথ্যের অনেকগুলোই যাচাই-বাছাইয়ের প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
চাঁদাবাজি ও অপরাধ দমনের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, এ ধরনের অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তদন্তের ভিত্তিতেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি ঘটনা তদন্ত করছে। কোনো অপরাধীর ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। অপরাধী যে পরিচয়েরই হোক, তাকে অপরাধী হিসেবেই দেখা হবে বলে মন্তব্য করেন তিনি। সত্য সনাতন টিভি
বিএনপিকে ঢালাওভাবে চাঁদাবাজ হিসেবে আখ্যা দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের অভিযোগের বিষয়ে শেষ পর্যন্ত জনগণই বিচার করবে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বিচ্ছিন্ন দু-একটি ঘটনার ভিত্তিতে পুরো দেশের পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক নয়। জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।
বৈঠকে উপস্থিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মাও সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, দুর্গাপূজার ছুটি বাড়ানো এবং পূজা উপলক্ষে অর্থ বরাদ্দের সিদ্ধান্তকে তারা ইতিবাচকভাবে দেখছেন। সত্য সনাতন টিভি
তবে পূজার আগে নিরীহ হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন অযথা হয়রানি বা গ্রেপ্তারের শিকার না হন, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন বলে জানান সন্তোষ শর্মা। পাশাপাশি দেশের কয়েকটি স্থানে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে বলেও বৈঠকে মন্ত্রীকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
সরকারের পাশাপাশি পূজা উদযাপন সংশ্লিষ্ট সংগঠন ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।