
নিজস্ব প্রতিবেদন : ইবি প্রতিনিধি | সত্য সনাতন টিভি
শঙ্খধ্বনি, উলুধ্বনি, খোল ও করতালের সুমধুর সুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উদযাপিত হয়েছে শ্রীশ্রী রাধাষ্টমী। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সনাতনী ধর্মীয় উপাসনালয়ে দিনব্যাপী নানা ধর্মীয় আয়োজন করা হয়।
সকালে পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা, শ্রীমতী রাধারাণী দেবীর মাহাত্ম্য বর্ণনা ও সংকীর্তন। খোল-করতালের তালে সুমধুর সংকীর্তনে মুখর হয়ে ওঠে উপাসনালয় প্রাঙ্গণ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত।
আয়োজকেরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাধাষ্টমী উদযাপনের এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে রাধারাণীর মাহাত্ম্য ও সনাতন ধর্মীয় মূল্যবোধ সম্পর্কে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা তৈরিরও উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত সবার মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এ সময় খিচুড়ি, ফলমূল ও মিষ্টান্ন প্রসাদ হিসেবে দেওয়া হয়।