
নিজস্ব প্রতিনিধি : বগুড়া প্রতিনিধি | সত্য সনাতন টিভি
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে ভক্তি ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বগুড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বগুড়া জেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে শহরের সাতমাথা খোকন পার্ক প্রাঙ্গণ থেকে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিতে ঢাক-ঢোল, কীর্তন ও পুষ্বৃষ্টির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। নারী-পুরুষ, শিশু-কিশোর সহ হাজারো ধর্মপ্রাণ মানুষ এতে অংশগ্রহণ করেন।
র্যালিটি শহরের সাতমাথা, চারমাথা ও টিএমএসএস মোড় প্রদক্ষিণ করে পুনরায় খোকন পার্কে এসে শেষ হয়। এরপর সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন বগুড়া জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক শ্রী অতুল চন্দ্র দাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, “ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন শান্তি ও ন্যায়ের প্রতীক। তাঁর জীবনাদর্শ আমাদেরকে সত্য, প্রেম ও মানবতার শিক্ষা দেয়। আজকের এই দিনে আমরা সবাই মিলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার শপথ নেব। ধর্ম যার যার, উৎসব সবার। এই বাংলাদেশে হিন্দু-মুসলিম সবাই মিলেমিশে বসবাস করবো।”
তিনি আরও বলেন, পূজা উদযাপন ফ্রন্ট সবসময় ধর্মীয় অনুষ্ঠান সুন্দরভাবে পালনে প্রশাসনের সাথে কাজ করে যাচ্ছে। সরকারও সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অধিকার রক্ষায় বদ্ধপরিকর।
অনুষ্ঠানে পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব গৌড় চন্দ্র পদ্মার চন্দনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ন আহবায়ক বিপুল কর্মকার, নির্মল রায়, আচানু মহন্ত, সৌরভ কুমার কর্মকার, চঞ্চল কুমার দেব, মহানগর কমিটির আহ্বায়ক পুলক মহন্ত, সদস্য অভিলাশ বর্মন, দেবাশীষ গুপ্ত, পলাশ দাস, বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরে বলেন, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্যই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব।